বাংলাদেশে প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু করে ২০২২ সালের ২৯ ডিসেম্বর। যাত্রা শুরুর পর থেকে প্রথম ছয় মাসে মেট্রোরেল আয় করেছিল ১৮ কোটি টাকা, যা এখন মাত্র ১৯ দিনেই আয় হচ্ছে ২০ কোটি টাকা।
শুরুতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়, পরে ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত অংশও চালু করা হয়।
২০২৩ সালের ৪ মার্চ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মেট্রোরেলের মোট আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা, যা শুধু যাত্রী পরিবহনের মাধ্যমে অর্জিত হয়।
সম্প্রতি, ১৯ সেপ্টেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ দিনে মেট্রোরেল ৪ কোটি ৪০ লাখ ৯ হাজার ৯ জন যাত্রী পরিবহন করেছে এবং এ থেকে টিকিট বাবদ আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১ টাকা। এতে দৈনিক গড়ে ২৩ লাখ ১৬ হাজার ২৬৪ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন এবং দৈনিক আয় দাঁড়িয়েছে গড়ে ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ১৩৪ টাকা।
বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করে। উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার ট্রেন চালু হয় দুপুর সাড়ে ৩টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়।
মেট্রোরেলে যাত্রীদের সুবিধার জন্য এমআরটি পাস ও র্যাপিড পাস ছাড়া সাধারণ যাত্রীরা সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত টিকিট ক্রয় করতে পারেন।
