23 September 2024

ইলন মাস্কের মঙ্গল অভিযান: কমলা হ্যারিসকে বাদ দেওয়ার ঘোষণা, ট্রাম্পকে সমর্থন

যে কারণে কমলাকে মঙ্গলে নেবেন না ইলন মাস্ক
ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা চলমান থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সেখানে নিয়ে যাবেন না।


 ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন যে তিনি মহাকাশে ভ্রমণে ইচ্ছুক যে কাউকে মঙ্গল গ্রহ অভিযানে নিয়ে যেতে প্রস্তুত, তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে যাবেন না। রোববার রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক জানান, তিনি আগামী দুই বছরের মধ্যে মঙ্গলে পাঁচটি মহাকাশযান পাঠাবেন।

তিনি আরও উল্লেখ করেন, “অবশেষে হাজার হাজার স্টারশিপ মঙ্গল গ্রহে যাবে এবং এটি হবে এক গৌরবময় দৃশ্য।”

মাস্ক, যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত, বলেছেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস নির্বাচিত হলে, তিনি মনে করেন, "আমলাতান্ত্রিক লাল ফিতা মঙ্গল অভিযানের পরিকল্পনাকে ধ্বংস করবে এবং মানবতার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।” এর আগে মাস্ক বলেছিলেন, "যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমরা কখনোই মঙ্গলে যেতে পারব না।"

এদিকে ট্রাম্পও সম্প্রতি এক সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছেন, “আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে, আমি নিশ্চিত করব আমেরিকা মঙ্গলে পৌঁছাবে।” তিনি বলেন, “আমি ইলনের সঙ্গে এ নিয়ে কথা বলব। ইলন, তুমি রকেটের কাজ চালিয়ে যাও।”

মাস্কের স্পেসএক্স কোম্পানি মহাকাশ গবেষণার ক্ষেত্রে ‘হাই-রিস্ক, হাই রিওয়ার্ড’ মনোভাবের জন্য পরিচিত। স্পেসএক্স বর্তমানে নাসার প্রধান পরিবহণ মাধ্যম হিসেবে কাজ করছে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের আনা-নেওয়া করে।

যদিও স্পেসএক্সের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মাস্ক যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রের নিয়ম-কানুনের কারণে হতাশ। তিনি বলেন, "আমার সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি হলো, স্টারশিপ প্রোগ্রামটি সরকারি আমলাতন্ত্রের বোঝার কারণে দমিয়ে রাখা হচ্ছে, যা প্রতি বছরই বাড়ছে।"

মাস্ক জানান, যদি তার মনুষ্যবিহীন স্টারশিপগুলি নিরাপদে মঙ্গলে পৌঁছাতে সক্ষম হয়, তবে তিনি ২০২৮ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানববাহী মিশন পাঠানোর পরিকল্পনা করছেন। তার দীর্ঘমেয়াদি লক্ষ্য আগামী ২০ বছরের মধ্যে মঙ্গলে একটি স্বনির্ভর জনবসতি স্থাপন করা।


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ টিভি বিতর্ক