সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্য এখনো জানানো হয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের অন্তত ২৫ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
