ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রা শুরু, ফার্মগেট র্যাম্পে জটলা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রা শুরু, ফার্মগেট র্যাম্পে জটলা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যান চলাচল শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। তবে এক্সপ্রেসওয়ের অধিকাংশ র্যাম্পে গাড়ির জটলা দেখা গেছে।
র্যাম্পগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা চোখে পড়েছে। একই সঙ্গে এ সমস্যা নিরসনে বাড়তি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছ ডিএমপির ট্রাফিক বিভাগ।
সরেজমিনে রোববার অধিকাংশ র্যাম্পেই জটলা দেখা গেছে। এর মধ্যে ফার্মগেট র্যাম্পের জটলা ছড়িয়ে পড়ে বিজয় সরণি পর্যন্ত। হঠাৎ বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমেই জটলায় পড়েন আয়মান আদিব। তিনি কুড়িল থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন। আদিব বলেন, “খুব দ্রুত আসলাম আলহামদুলিল্লাহ। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠা-নামার পথগুলো যেন মসৃণ হয়।”
জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠা-নামার রুটগুলো নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নিয়ে বসবে ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক তেজগাঁও ডিভিশন) মোস্তফা আহমেদ গণমাধ্যমকে বলেন, “হঠাৎ করে যানবাহনের চাপ বাড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠা-নামার পথগুলোতে জটলা হচ্ছে। আজ চলাচল শুরু হলো। আর কী কী সমস্যা হয় সেগুলো শনাক্ত করে সংশ্লিষ্টদের নিয়ে আমরা বৈঠক করব। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে যেন হকার না বসে, আমরা সিটি করপোরেশনসহ সবাইকে নিয়ে বসে সমস্যার সমাধান করব।”
