ইনজুরিতে তাসকিন আহমেদ



ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান তাসকিন। যদিও ওই ২৯ রানে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। সিলেটের অধিনায়ক অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলে ছয় মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। কিছুতেই ক্যাচ হয় না, তবুও কোন আশায় তাসকিন আহমেদ উল্টো দিকে দৌড় দিলেন কে জানে! আর এতেই ‘সর্বনাশ’টা হয়ে গেল!

সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। টিভি রিপ্লেতে দেখে যেটা মনে হলো, গোঁড়ালি বা অ্যাঙ্কলে ভালোই চোট পেয়েছেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বিসিবির চিকিৎসক রুমে। সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। বিসিবি চিকিৎসকেরা জানালেন, সেখানে এক্স–রে করার পরই বোঝা যাবে তাসকিনের চোট কতটা গুরুতর। তবে বাংলাদেশ পেসারের কাতর মুখ দেখে মনে হয়েছে ভালো শঙ্কিত হয়ে পড়েছেন তিনি।

শঙ্কাটা যে নিউজিল্যান্ড সফর নিয়ে, বলার অপেক্ষা রাখে না। এ বিপিএলে কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন তাসকিন! ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে কদিন আগে ফিরেছেন জাতীয় দলে। ২০১৮ সালটা তাঁর কেটেছে বারবার চোটাঘাতে। আসন্ন নিউজিল্যান্ড সফরে যখন ভালো কিছুর স্বপ্ন তাসকিনের, তখনই পেলেন চোট।

শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো গ্রুপপর্ব থেকে সিলেট সিক্সার্সের বিদায়। তবু ম্যাচটিতে বাড়তি সুযোগ ছিলো ডানহাতি পেসার তাসকিন আহমেদের জন্য। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিতে পারতেন তিনি।

কিন্তু এই রেকর্ড ও তাসকিনের মাঝে দেয়াল হয়ে দেখা দিয়েছে বেরসিক ‘বাউন্ডারি কুশন’। আগেই দলের বিদায় নিশ্চিত হওয়ায় তাসকিনের সামনে সুযোগ ছিলো মাত্র ৪ ওভার। নিজের এই স্পেল থেকে ২টি উইকেট নিতে পারলেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যেতেন তিনি।
Theme images by merrymoonmary. Powered by Blogger.