‘হ্যান্ডশেক’ বিতর্ক শেষে মাঠে গড়ালো পাকিস্তান-আমিরাত ম্যাচ, ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি পাইক্রফট

নাটকীয়তার শেষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

 

নিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। ভারতের বিপক্ষে আলোচিত ‘হ্যান্ডশেক’ বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে সৃষ্টি হয়েছিল নানা জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার অপসারণের দাবি জানায় এবং দাবি না মানা হলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেয়। তবে শেষ পর্যন্ত আইসিসি রেফারির পক্ষে অবস্থান নেয় এবং পাইক্রফটই এই ম্যাচের দায়িত্বে থাকেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। টসের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা, আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এর মাধ্যমে কিছুটা হলেও উত্তেজনা প্রশমিত হয় এবং ম্যাচ মাঠে গড়ায়।

তবে শুরুতে খেলা অনিশ্চয়তায় পড়লেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) ম্যাচটি শুরু হয়। মূলত খেলা শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়)।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের টসের সময় অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেন। এই ঘটনা নিয়ে পিসিবি পাইক্রফটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে এবং এশিয়া কাপ থেকে দল প্রত্যাহারের হুমকি দেয়।

শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনার পর পাকিস্তান দল ম্যাচ খেলতে রাজি হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাকিস্তানের একাদশ:

  1. সালমান আগা (অধিনায়ক)

  2. সাইম আইয়ুব

  3. সাহিবজাদা ফারহান

  4. মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)

  5. ফখর জামান

  6. খুশদিল শাহ

  7. হাসান নওয়াজ

  8. মোহাম্মদ নওয়াজ

  9. শাহীন শাহ আফ্রিদি

  10. হারিস রউফ

  11. আবরার আহমেদ

প্রতীক্ষিত এই ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোয় স্বস্তি ফিরে এসেছে দুই দলের খেলোয়াড়, আয়োজক ও সমর্থকদের মাঝে।

Theme images by merrymoonmary. Powered by Blogger.