ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে বিজিএমইএ নেতারা জানান, বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে তাদের সহায়তা করছেন এবং কিছু জায়গায় পাহারার ব্যবস্থা করেছেন।
নেতারা আরও বলেন, বিএনপির স্থানীয় নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গার্মেন্টস শিল্প রক্ষায় উদ্যোগ নিয়েছেন।
ব্যবসায়ীদের বক্তব্য শুনে মির্জা ফখরুল গার্মেন্টসের নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন এবং বিজিএমইএ নেতাদের একত্রিত হয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম, শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
