বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ড. আসিফ নজরুলের বক্তব্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, "আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কৌশল হিসেবে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমন করতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, নীতিগত অবস্থান থেকে নয়।"
আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আওয়ামী লীগ ছাত্র-জনতার গণআন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ হিসেবে প্রচার করার কৌশল নিয়েছিল, যা আমরা সমর্থন করতে পারি না। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল দলীয় নীলনকশার অংশ হিসেবে। আমরা সেই অন্যায় কৌশলের অংশ হতে পারি না।"
ড. আসিফ নজরুল আরও বলেন, "আওয়ামী লীগ অতীতে জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছে। তারা জামায়াতের নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন সময়ে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করেছে। এ ধরনের আচরণের পরও আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলা হতো, যা মূলত দলীয় স্বার্থের জন্য ছিল।"
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলনে পরাজয়ের আশঙ্কায় দমন-নিপীড়নের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করে বিপ্লবটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।"
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, "আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, যতক্ষণ পর্যন্ত না তারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়।"
