বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট: ‘এসজি বল’ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

ভারতের এসজি বল নিয়ে দুশ্চিন্তায় লিটনরা, কী এর বিশেষত্ব?


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। প্রতিপক্ষ ভারত কিংবা কন্ডিশন ছাপিয়ে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে 'এসজি বল'। ঘরের মাঠে হাতে বানানো এই বল দিয়েই টেস্ট খেলে ভারত, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এই বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে টেস্ট ম্যাচগুলো খেলা হয়েছিল চিরায়ত কোকাবুরা বলে, যেটি সারাবছর বিভিন্ন জায়গায় টেস্ট ম্যাচে এবং ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড়রা ব্যবহার করে থাকেন। অন্যদিকে, ভারতের মাটিতে খেলা হবে 'এসজি বলে', যা ব্যবহার করার অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের কাছে খুবই কম। তাই এসজি বলটি লিটন দাসের দলের জন্য এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কোকাবুরা বলগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের হয়, যার ফলে ম্যাচের শুরু থেকে পেসাররা বাড়তি সুইং পেয়ে থাকে। তবে, বলটি পুরোনো হয়ে গেলে ব্যাটারদের জন্য সুবিধা বাড়ে। অন্যদিকে, এসজি বল খানিকটা কালচে হওয়ায় পেসারদের সুইং পেতে অপেক্ষা করতে হয় এবং এই পার্থক্যটি বোলার ও ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমে এসজি বল প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘ভারত একটি বড় দল এবং আমরা এই বলে খুব কম খেলেছি। আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করছে, দেখা যাক কী হয়। প্রস্তুতির জন্য আমরা আমাদের সেরা বোলারদের বলের মোকাবিলা করছি। এসজি বলের নতুন বল খেলা সহজ হলেও পুরাতন বল খেলা বেশ কঠিন।’

এসজি বলের সিম কোকাবুরার চেয়ে খাড়া এবং কিছুটা ভারীও, যার ফলে বলের উজ্জ্বলতা ধরে রাখা কঠিন হয়ে যায়। তাই বোলারদের বাড়তি সুবিধা পেতে ফিল্ডারদের বলের যত্ন নেওয়ার দায়িত্ব নিতে হয়।

Theme images by merrymoonmary. Powered by Blogger.