11 September 2024

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, লুটপাট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন, যা বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচারিত হয়। এটি তার দ্বিতীয় ভাষণ।

ড. ইউনূস বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, এবং ব্যাংকিং খাতে এক মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, "প্রথম মাসে আমরা প্রধান কাজগুলো করেছি, তবে আরও অনেক কাজ বাকি রয়েছে।"

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার সুদের হার বৃদ্ধি করে ৯ শতাংশে উন্নীত করেছে। ড. ইউনূস জানান, সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, এবং প্রান্তিক মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে চলে যান, যার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি, এবং দুই সপ্তাহ পরে আজ আবারও জাতির উদ্দেশে ভাষণ দিলেন। এর মধ্যেই তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ সেপ্টেম্বর বিশেষ বার্তা দেন।