পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় হামলায় আহত ডোনাল্ড ট্রাম্প, শারীরিক অবস্থা ভালো
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী প্রচারণার সময় হামলায় আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তার শারীরিক অবস্থা ভালো আছে। রিপাবলিকান প্রচারণা শিবির শনিবার ওই হামলার পর জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন ভালো আছেন এবং একটি হাসপাতালে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
গুলিতে আহত হওয়ার পর পরই নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং এক বিবৃতিতে জানান, হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্প এখন ভালো আছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প। তার কানে গুলি লাগে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্প জানিয়েছেন, তার কানে গুলি করা হয়েছে এবং তিনি মনে করেছিলেন যে বুলেট তার কানের পাশ দিয়ে চলে গেছে।
হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান এবং তার মুখমণ্ডলে রক্ত দেখা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন। এছাড়া আরও দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যালিতে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প বলেন, গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। তিনি আরও জানান, হঠাৎ করেই তিনি বুঝতে পারেন যে কিছু একটা ঘটে গেছে। তিনি গুলির শব্দ শুনতে পান এবং মনে হয়েছিল তার চামড়া ভেদ করে গুলি চলে গেছে। অনেক রক্ত বের হচ্ছিল এবং তিনি বুঝতে পারেন যে আসলে কী ঘটেছে। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন।
এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাকে আমরা হত্যাচেষ্টাই বলছি। তার এমন বক্তব্য থেকে এটা পরিষ্কার হলো যে, হামলাকারী ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন।