"জি-২০ শীর্ষ সম্মেলনে মোদির দ্বিপাক্ষিক বৈঠক"
৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক
হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনা রয়েছে। কারণ, গত কয়েক মাস ধরে দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে যথাযথ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়নি। তবে বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি।
মোদির সঙ্গে বাইডেনের বৈঠক
এদিকে, জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর নয়াদিল্লি সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের আগে শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
মোদির সঙ্গে ম্যাক্রোঁর বৈঠক
রোববার উচ্চ পর্যায়ের সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
হিন্দুস্তান টাইমস বলছে, জি-২০ সম্মেলন শেষে বাংলাদেশ সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ১০ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তিনি।
