চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি
চারদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। আগামীকাল বুধবার থেকে এই কর্মসূচি শুরু হবে। আগামী ১৯ আগস্ট (শনিবার) সারাদেশে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
রিজভী বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। আগামী ১৯ আগস্ট শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এছাড়া একযোগে আন্দোলনের ধারাবাহিকতায় আগামী শুক্রবার ঢাকা মহানগরীসহ দেশের সব বড় শহরে অবৈধদের পদত্যাগের দাবিতে গণমিছিল করা হবে বলেও জানান রিজভী।
