সহমর্মিতা জানাতে কারাবন্দী নেতাদের বাসায় বিএনপির কেন্দ্রীয় নেতারা
কারাবন্দী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় গিয়ে সহমর্মিতা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আজ রোববার বিএনপির কেন্দ্রীয় নেতারা তাঁদের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আবেদ রাজা ও বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার।
অপর দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের সঙ্গে দেখা করে তাঁর পরিবারের সদস্যদের এবং কারাবন্দী মির্জা আব্বাসের খোঁজখবর নেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব, খন্দকার মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি রিজভীর আদাবরের বাসায় গিয়ে তাঁর সহধর্মিণী আরজুমান আরা বেগমের সঙ্গে কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভীর সহধর্মিণীকে সাহস দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোনো ভয় পাবেন না। রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছেন।
