প্রস্তাবিত বাজেট গরিবের বাজেট বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



 ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘গরিবের’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট।

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে, বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এদিকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ঘাটতি দেখানো হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মানে রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে লুটপাট করা হবে। এই বাজেট লুটপাটবান্ধব বাজেট।

করোনা পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম করা হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন।’

এবার দেশের ৫১তম বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে। এ ছাড়া আগামী বাজেটে দেশের প্রান্তিক জনগোষ্ঠী প্রাধিকার পাবে বলে বিবৃতিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Theme images by merrymoonmary. Powered by Blogger.