এবার ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা
![]() |
| ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। |
এবার করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে দেশের সর্ববৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি হাসপাতালে হাজির হয়ে বিনা পয়সায় এই পরীক্ষা করাতে পারবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে।
করেনা শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলোজি বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
আমাদেরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার বিষয়টি চালু করার জন্য আমরা কয়েক দিন থেকে কাজ করে আসছি। আমাদের হাসপাতালে আগে থেকে একটা পিসিআর মেশিন (করোনাভাইরাস শনাক্তকরণের জন্য অপরিহার্য যন্ত্র) ছিল। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার জন্য আনুষঙ্গিক আরও অনেক মেডিকেল ইকুইপমেন্ট (সরঞ্জামাদি) দরকার। সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমাদের মেডিকেল কলেজের ভাইরোলোজি বিভাগের ল্যাবরেটরিতে সেই মেশিনগুলো চালুও করেছি। আমরা আজ বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করলাম। আমাদের মেডিকেল কলেজের ভাইরোলোজি বিভাগ পূর্ণমাত্রায় প্রস্তুতি নিয়ে আজই তাদের কার্যক্রম শুরু করেছে। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে আগামীকাল থেকে আমাদের হাসপাতালে চালু হবে।’
