বাংলাদেশের বিশ্বকাপ ঘোষণা মঙ্গলবার


আইসিসি ক্রিকেট বিশ্বকাপের খুব বেশি একটা দেরি নেই। বিশ্বকাপকে মাথায় রেখে আজ দল ঘোষণা করেছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামীকাল ঘোষণা করা হবে বাংলাদেশ বিশ্বকাপ দল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

কদিন আগেই বিশ্বকাপে কেমন দল হতে পারে সেটি একপ্রকার ফাঁসই করে দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে লিটন কুমার দাসকে। তৃতীয় ওপেনার হিসেবে থাকবেন সৌম্য সরকার। মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব, মুস্তাফিজ, রুবেল, মাশরাফি, মিরাজ থাকছেন। সেটি তো নিশ্চিতই।

মূলত বিগত কয়েক সিরিজে দলের নিয়মিত সদস্যরা সুযোগ পাচ্ছেন। তবুও চিন্তা কাটছে না লিটন, সৌম্য, সাব্বিরকে নিয়ে। পাপন জানিয়েছিলেন এই তিন ক্রিকেটারের ধারাবাহিকতার অভাবই ভাবাচ্ছে বিসিবিকে। আজ সকালেও বিশ্বকাপের দল কবে দিবে সেই বিষয়ে কথা বলেন পাপন। তিনি জানান,

“আমার মনে হয় কাল-পরশুই দল দিয়ে দিবে। কয়েকটা কারণে স্কোয়াড সাজাতে সমস্যা হচ্ছে। একটা হল- যাদের নিয়ে আমরা ভাবছিলাম তারা ফর্মে নেই বা ডমেস্টিকে ভালো করছে না। ইনজুরি একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কিন্তু এখনও তারা পুরোপুরি সুস্থ না।”


সকালে বিসিবি প্রধান এসব বললেও তারপরেই আনুষ্ঠানিক ঘোষণা আসে। সেখানে জানায় মঙ্গলবার বিশ্বকাপের জন্য দল দিবে বিসিবি। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে বিশ্বকাপ দলের পাশাপাশি আরও দুইজন বাড়তি ক্রিকেটার নেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি।
দল কেমন হতে পারে সেই বিষয়ে মুখ খুলেনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। তিনি জানিয়েছেন আগামীকালই সব জানানো হবে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.