বিএনপি নেতিবাচক রাজনীতির গভীর খাদে: কাদের (Obaidul Quader)




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাই শুধু নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আসলে বিএনপি নেতিবাচক রাজনীতির গভীর খাদে পড়ে গেছে। তারা বেসামাল ও বেপরোয়া হয়ে যখন যা খুশি নির্বাচন নিয়ে তা–ই বলছে। এটা ব্যর্থ বিএনপির অসংলগ্ন প্রলাপ ছাড়া আর কিছুই নয়।’

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ দলের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ১৫১৮ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে যাচাই বাছাই করে ত্যাগী ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে–বিদেশে কোনো বিতর্ক নেই। দুনিয়ার সব সভ্য গণতান্ত্রিক দেশ এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তিনি বলেন, সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য জাতিসংঘও তাদের ইচ্ছা প্রকাশ করেছে। কাজেই নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই, কোথাও কোনো বিতর্ক নেই। দেশের জনগণের মধ্যেও কোনো বিরূপ সমালোচনা নেই।

জেলা থেকে পাঠানো তালিকা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলীয় মনোনয়নের আবেদনের ফরম সংগ্রহ করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচন ৬টি ধাপে অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচন পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭টি উপজেলায় আগামী ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং সর্বশেষ পঞ্চম ধাপে ১৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না।
Theme images by merrymoonmary. Powered by Blogger.