কোলন ক্যান্সারের যে লক্ষণগুলো আপনার চোখ এড়িয়ে যাচ্ছে
ব্রেস্ট ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লাং ক্যান্সার- এগুলো আমাদের বেশি পরিচিত হলেও কোলন ক্যান্সার অনেকেরই অপরিচিত। কোলন বা বৃহদান্ত্রে ক্যান্সার হলে আমাদের মলের সাথে রক্তপাত হয়, এটা খুবই পরিষ্কার একটি উপসর্গ। কিন্তু এ ছাড়াও কিছু উপসর্গ থাকতে পারে যাকে ক্যান্সারের সাথে সম্পর্কিত বলে বুঝতে পারেন না অনেকেই। দেখে নিন এমন কিছু উপসর্গ-
১) শ্বাসকষ্ট
শরীরের ভেতরে রক্তক্ষরণের আরেকটি লক্ষণ হলো শ্বাসকষ্ট। রক্তক্ষরণ কম হলে আমাদের শরীর রক্তে বেশি পরিমাণে রক্তরস বা প্লাজমা যোগ করে। এতে রক্ত পাতলা হয়ে যায় ও রক্তক্ষরণ কম হয়। কিন্তু রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। এর ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
২) অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা
অ্যানিমিয়ার হতে পারে শরীরে আভ্যন্তরীণ রক্তক্ষরণের একটি লক্ষণ। কোলন ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে এটি। সাধারণত নিয়মিত মাসিক হয় এমন নারীদের অ্যানিমিয়ার পেছনে অন্য কোনো লক্ষণ খোঁজা হয়না, যদিও তা জরুরী। কিন্তু একজন পুরুষের অ্যানিমিয়া দেখা দিলে ধরেই নেওয়া যায় যে তার আভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। প্রায় ছয় মাস এমনটা হতে পারে, মলে রক্তের উপস্থিতি দেখা যাওয়ার আগেই। তাই অ্যানিমিয়ার লক্ষণ যেমন ফ্যাকাসে ত্বক, ক্লান্তি, মাথা ঘোরার সমস্যা থাকলে ডাক্তার দেখান দ্রুত।
৩) তীব্র কোষ্ঠকাঠিন্য
কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা। সবচেয়ে সুস্থ মানুষগুলোরও মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হওয়া স্বাভাবিক। কিন্তু খুব তীব্র ও দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য খারাপ লক্ষণ। এর অর্থ হলো কোলন থেকে মল বের হওয়া আটকে যাচ্ছে কোনো কারণে, আর তা কোলন ক্যান্সার হতে পারে। তা পরীক্ষা করিয়ে নিন।
৪) পেট ফাঁপা বা পেট ব্যথা
পেট ফাঁপা বা ব্যথার পেছনে অনেক কারণ থাকতে পারে। কিন্তু এ সমস্যা অনেকদিন ধরে বজায় থাকলে তা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া পেটের বামদিকে যদি অনবরত ব্যথা হতে থাকে, তাহলে কোলন ক্যান্সার লিভারে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
৫) মলের রঙ অস্বাভাবিক
মলের সাথে রক্তপাত হতে পারে কোলন ক্যান্সার হলে। কিন্তু তারমানে এই নয় যে মলের সাথে একদম লাল টকটকে, কাঁচা রক্ত আসবে। বরং আলকাতরার মতো বা কালো মল দেখলে সতর্ক হন, কারণ মলের সাথে রক্ত মিশে এমনটা হয়। তা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে বা পেটে আলসারের কারণেও হতে পারে।
৬) আপনার মল চিকন
আপনি সুস্থ থাকুন বা অসুস্থ, মলের দিকে নজর রাখা ভালো। যদি মলের আকৃতি পরিবর্তিত হয়ে দড়ির মতো চিকন হয়ে যায়, তাহলে হয়তো কোলনে পলিপ হয়ে তার এমন আকৃতি হচ্ছে।শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে ডায়ারিয়া থাকাটাও কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে।
